ফিনিক্স পাখির ডানা: চিলেকোঠায় গ্রাম্য রোদ।। সৈয়দ নূরুল আলম।। review by syed nurul alam

 

ফিনিক্স পাখির ডানাঃ চিলেকোঠায় গ্রাম্য রোদ।। সৈয়দ নূরুল আলম।। review by syed nurul alam

ফিনিক্স পাখির ডানা: চিলেকোঠায় গ্রাম্য রোদ
সৈয়দ নূরুল আলম

‘ফিনিক্স পাখির ডানা’ দ্বীপ সরকারের কবিতার বই। বইটি ২০২০ এ অনুপ্রাণন প্রকাশন থেকে বের হয়েছে। এটি লেখকের তৃতীয় কবিতা গ্রন্থ। তিনি শুধু কবিতা লেখেন না, কুয়াশা নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেন। স্বতন্ত্রধারার কবি দ্বীপ সরকার কবিতায় একটি নিজস্ব আদল তৈরি করেছেন যা কবিতা প্রিয় পাঠকদের ভালোলাগার তীর্থভূমি। স্বাচ্ছন্দে বিচরণ ক্ষেত্র। কবি যখন বলেন,

"একদা এক চড়ুই—আকাশ পানে ছুটছিলো/ নীল দেখলেই পত পত করে ওপরের দিকে ছোটে/ বহুদূর, দৃষ্টির বাইরে— ঘোর কাটা মেঘের সামিট/ চড়ুইটা সেখানে যায়, বৎসরে দু একবার/ এককোটি বছর আগে— যে
চড়ুইটা আর ফেরেনি/ ওখানে গিয়ে জেনেছিলো, আকাশ হলো ‘মেঘের জলসিঁড়ি’/ ধুপধনো দিয়ে চড়ুইটা মেঘ হয়েছিলো/ কে বা কারা বলেছিলো মনে নেই— (কবিতা-আকাশ হলো মেঘের জলসিঁড়ি)।"

কী ভালো লাগা জমাট বাঁধা শব্দের কারুকাজ! ভালো লাগার থেকে বড় কথা প্রত্যেক পাঠকের মনোজগতে ধাক্কা দেয়ার জন্য যথেষ্ট সজল শব্দের বুনন। চিরচেনা সুর| এভাবে একজন কবির কথা যখন হাজারও পাঠকের কথা হয়ে যায়, তখন কবি স্থায়ী আসন গেড়ে বসেন পাঠকের মনের উঠোনে। এ গ্রন্থে আরেকটি বিশেষ বৈশিষ্ট, কবিতা যেন কবিতা নয়, এক একটি ছোটগল্প। গল্পরসে টইটুম্বর আখ্যান। যেমন,

"ও ঘরে যাও—এক পা, দু পা করে হেঁটে যাও/ অতঃপর দ্যাখো নায়িকাদের মেকাপ সামগ্রী/ নকল তিল, নকল ভ্রু, নকল অভিনয়, নকল চাহনি/ তুমি বেড়াল হও এবং মুখস্ত করো বেড়ালের বয়ান ‘মেঁও মেঁও’/ বেড়াল দেখলে নায়িকারা অভিনয় ভুলে, নাচ ভুলে যায়—/ নকল তিল থেকে বেড়িয়ে আসে চিকচিকে ধাতবমুদ্রা/ প্রকাশ পায়, ‘নকল অভিনয়গুলো মিথ্যার অনুরুপ সত্য’/ আমি দেখেছিলাম সেদিন— এক পা দু’পা করে গিয়ে (কবিতা- নায়িকা এবং বেড়ালের বয়ান)|"

এভাবে প্রায় বেশির ভাগ কবিতাই স্বাদে গন্ধে-মেজাজে এক একটি গল্প এবং চরিত্রগুলো আমাদের খুব চেনা।

কবি এ গ্রন্থে যেসব চিত্রকল্প ও প্রতীক ব্যবহার করেছেন তা পাঠককে মনে করিয়ে দেয়, কবির দায় বাস্তব চিত্রটিকে তুলে এনে কবিতার মধ্যে বসিয়ে দেওয়া শুধু নয়, কবিকে হয়ে উঠতে হয় প্রাথমিকভাবে চিত্রকর এবং চিত্রটিকে এমনভাবে সাজাতে হয় বা আঁকতে হয়, যাতে পাঠকের মনে একটা অনুভূতি বা ভাবনার সঞ্চার হয় এবং পাঠক যেন গোটা বিষয় সেই অনুভূতি বা ভাবনার আলোয় নতুন করে দেখতে পায়। এ বিষয়গুলো সামনে রেখেই কবি দ্বীপ সরকার তাঁর কবিতা শরীর তৈরি করেন। একটা উধাহরণ দিই, 

"প্যাপিরাসের তুলতুলে কাগজ— মুদ্রিত থাকুক/ অনিশ্চিতের দিকে বিভোর আঙুল থাকুক উড়ুন্মুখ/ এতেই মিটিয়ে নেবো শোদবোধ/ অভিমান তুলে রাখবো তোমার শ্বেতপাথরে নির্মিত চোখে (কবিতা- শ্বেতপাথরে নির্মিত চোখ)|’ অথবা
‘উঁচু করে রেখেছে দৃষ্টির ফর্দ, তথাকথিত ঠোঁটের কাঁপন বাতাসে/ আমি দেখি দখিন দুয়ার খুললেই/ গ্রীল ছুঁয়ে তদন্ত দায়িত্বে মাকড়সা এবং টিকটিকি/ নিজস্ব একটা গন্ডির ভেতরে আমি/ গ্রীল সীমানার দূরত্বে উন্নাসিক পাঁজর খোলে রেশমির/ বাহুতে ওড়ে ঔপনিবেশিক বাতাবি লেবুর ঘ্রাণ (কবিতা- আমি এবং রেশমি)|"

এখানেই কবি দ্বীপ সরকারের সার্থকতা। সৃষ্টিশীলতা। কবিমাত্রই প্রেমময়। মায়াময়। যা তাঁর কবিতায় উঠে আসে। কিন্তু দ্বীপ সরকারের কবিতায় দেহজ প্রেমের কোনো ব্যাপার নেই। আছে ভেতর থেকে উঠে আসা আকুতি। না-বলা অনেক কথা। তাই তো তিনি ‘হিজাবের ভেতর জেগে ওঠা চর’ কবিতায় লেখেন, 

"ধবধবে ফর্সা মুখ— হিজাবের ভেতর জেগে ওঠা চর।/ পরিশ্রান্ত চোখে বেহুলা বাদলের রাত/ যেনবা সবগুলো ঘটনা জমে আছে ওখানে!/ কী দিন, কী রাত— এই তো প্রসবের সময়/ ভেতরে তার আঙুরলতার মতো ফুঁপিয়ে ওঠা ছাতিমবৃক্ষ/ হিজাবটা পুরুষালী স্পর্শ পেলে— গ্রীবার নিচ দিয়ে ধেয়ে আসে ‘মেঘনার জল’/ আমি জানতাম, এমন সব ঘটনা ঘটে।"

এভাবেই রচিত হয় দ্বীপ সরকারের ভালোবাসার পঙক্তি। যা অন্য পাঁচ জন থেকে আলাদা। ভিন্নতর। কবিতার ভাষা সহজ, সরল ও সাবলীল, কিন্তু এর পরেও কী যেন একটা অধরা থেকে যায়। যা কবির একান্ত নিজস্বতা।

আলোচিত গ্রন্থে ৫৩টি কবিতা স্থান পেয়েছে। প্রতিটি কবিতাই ভালোলাগা বা ভালোবাসার মতো। বইটির  প্রচ্ছদ করেছেন আইয়ুব আল-আমিন। বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনীর বিক্রয় কেন্দ্রে। বি—৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স,কাঁটাবন, ঢাকা—১২০৫।

আরো পড়ুন...

সৈয়দ নূরুল আলম এর গদ্য পড়ুন এখানে
আবুল কাইয়ুম এর মূল্যায়ন পড়ুন এখানে
মতিন বৈরাগী কর্তৃক মূল্যায়ন পড়ুন এখানে
সোনালী কাবিন পাঠ আলোচনা পড়ুন এখানে
পাঁচটি কবিতা পড়ুন এখানে
কবিতার ঝাঁপতাল পড়ুন এখানে
ছবি আর্কাইভ ১ দেখুন এখানে
দেহখানি তার চিকন চাঁদ পড়ুন এখানে
ভাঙ্গা ঘড়ির সময় পড়ুন এখানে
নীলিতারা পড়ুন এখানে
নিয়নের মেয়ে পড়ুন এখানে
দ্বীপ সরকার পরিচিতি এখানে
যোগাযোগ করুন এখানে
কবিতার ঘর বসতি আলোচনা এখানে
®®®

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ