আল মাহমুদের “সোনালী কাবিন” পাঠ পর্যালোচনা
দ্বীপ সরকার
সোনার দিনার নেই, দেনমোহর চেয়ো না হরিণীযদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি,আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনিআহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,ছলনা জানিনা বলে আর কোনো ব্যবসা শিখিনিদেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূল্যবানআমার তো নেই শখি, যেই পণ্যে অলংকার কিনিবিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরলপৌরুষ আবৃত করে জলপাই পাতাও থাকবে না,তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফলজ্ঞান ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনাপরাজিত নই নারী, পরাজিত হয়না কবিরা;দারুণ আহত বটে, আর্ত শিরা-উপশিরা।(সোনালী কাবিন/আল মাহমুদ)
“সোনালী কাবিন” কবিতাটি আল মাহমুদের আধুনিক বাংলা কবিতার পরিসরে প্রেম, দেহ, নৈতিকতা এবং সামাজিক প্রথার দিক থেকে এক বহুমাত্রিক নির্মাণ। একদিকে যেমন ব্যক্তিমানসের সততা ও প্রেমের স্বরকে উন্মোচন করে, অন্যদিকে তেমনি সমাজের আরোপিত অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে এক নীরব প্রতিরোধ গড়ে তোলার আহবান। সমাজ আরোপিত নীতি বা ধর্মীয় কাঠামোর যে প্রথা চলিত আছে তা কবিকে নাড়া দিয়েছে। এখানে দেনমোহর,কাবিন মুলত এক প্রকার মানসিক চাপ, যা পারস্পরিক সম্পর্ক নির্মাণে প্রেমের চেয়ে বেশি অন্তরায়। এটা একজন কবিই পারেন,এই সমস্ত নীতি এবং প্রথার বিরুদ্ধে কলম ধরার। প্রেম এখানে গৌণ আর কাবিন বা দেনমোহর এখানে মুখ্য। যেমন কবিতার প্রথম স্তবকে কবি বলেন,
“সোনার দিনার নেই, দেনমোহর চেয়ো না হরিণী
যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি"
আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;”
হরিণী এখানে শুধু একটা প্রাণী নয়,বরং সামগ্রীকভাবে প্রেমিকার প্রতীকী সম্বোধন। হরিণী কবির প্রেমিকা, যাকে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে—তার নিকট কবির সরল নিবেদন। আমার নিকটে সোনা নেই,সোনার দিনার নেই—আমি কি দিয়ে,দেনমোহর পরিশোধ করবো হে প্রিয়তমা। পরিবর্তে,আমার কবিনবিহীন হাত দুটি দিতে পারি। রিক্ত ও শূন্য এ হাত—এ ছাড়া কবির আর কিছু নেই। আত্মসম্মান, ব্যক্তিজীবন কিংবা সামাজিকজীবনে মানুষের দৈনন্দিন লড়াই। এই লড়াইয়ে কেউ কেউ বিক্রি হয়ে যায়, অনেকে নীতিতে থাকেন অটল। কবি সে কথাই স্মরণ করিয়ে দেন, তিনি নিজেকে বিক্রি করে কোন কিছু সঞ্চয় করেননি। স্বর্ন এখানে কেবল অর্থনৈতিক সম্পদ নয়, এটা মর্যাদারও প্রতীক। কবি নিজেকে বিক্রি করে অনেক উপার্জন করতে পারতেন। কবি তা করেননি। এ নিয়ে দারুণভাবে হতাশাগ্রস্থ। চারদিকে যেনো চতুরতা,চাটুকারিতা,ভন্ডামি— কবি তাই অন্তরীনে আহত হতে থাকেন, বিক্ষত হতে থাকেন। দেনমোহরের চেয়ে বা অর্থনৈতিক দাবীর চেয়ে ভালোবাসা যে মুখ বিষয়, সেটিকে কবি এভাবেই বলেছেন,
“ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,
ছলনা জানিনা বলে আর কোনো ব্যবসা শিখিনি
দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূল্যবান
আমার তো নেই শখি, যেই পণ্যে অলংকার কিনি”
কবি বারবার সামাজিক অবক্ষয়,নীতিবিরুদ্ধ আচারের প্রতি অনুরণন তুলেছেন বিভিন্নভাবে। প্রেমের বদলে ছলনা, আর ছলনা শিখেননি বলে কবি ব্যবসা শিখেননি। ব্যবসা মানে শুধু উপার্জনের পন্থা তা নয় বরং সেখানেও প্রেম থাকা দরকার। অথচ,ব্যবসা হয়ে উঠেছে ছলনা আর প্রতারণার জায়গা। কবি সেকারণেই বলেন, এ সব ছলনা জানিনা, তবে আছে অঢেল প্রেম। তুমি আমাকে ভালোবাসা দাও,আমি চুম্বন দিয়ে দেবো। এটাই আমার কাছে সহজ ও সাধ্যের। তারপর এসেছে, দৈহিক প্রেমের প্রসঙ্গ। কবি হরিণী প্রেমিকাকে স্মরণ করিয়ে দেন,দেহ দিলে হয়তো দেহ পাবে। কিন্তু সেটা অনুভূতির চেয়ে, অধিক মুল্যবান নয়। চুম্বন একটা অনুভূতির প্রকৃষ্ট পন্থা—যা সহবাস বা দৈহিক বন্ধনের চেয়ে বেশি ক্রিয়াশীল। তাই কবি পুনরায় অর্থনৈতিক চাপ থেকে মুক্ত হতে চান। আমার অলংকার কেনার মতো কোন পণ্য নেই, যা দিয়ে তোমাকে দেনমোহর দেবো। আমার নিকটে আছে শুধুই প্রেম আর ভালোবাসা। এরপর কবি তার প্রেমিকাকে সম্পুর্ণরুপে মোড় ঘুরিয়ে নিয়ে যান বাসরের আকর্ষণ ও মোহের দিকে। তবু যেনো কবির প্রিয়তমা অর্থনৈতিক দাবী থেকে সরে আসেন। যেমন কবি বলেন,
“বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল
পৌরুষ আবৃত করে জলপাই পাতাও থাকবে না,
তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফল
জ্ঞান ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনা”
এই স্তবকে এসে কবি তার হরিণী সম্বোধিত প্রেমিকাকে স্মরণ করিয়ে দেন, প্রচলিত বাসরের দৃশ্যকল্প। প্রচলিত বাসর বললাম এ কারণে যে, প্রথা অনুয়ায়ী একটা বৃহৎ নবদম্পতির অংশই এই রাতে নিজেদের খুলে উন্মুক্ত করে এবং পরস্পর চেনাজানার মধ্য দিয়ে রাত কাটায়। তাই কবি বলেন, তুমি যদি বিবসন হও, আমাকেও সেরুপে পাবে, একটা জলপাই পাতাও শরীরে আবৃত থাকবে না। তুমি যে ফল খাবে, আমাকেও তা দিও। এখানে অন্তর্নিহীত প্রেম এবং রোমান্সের ফলের প্রতি ইঙ্গিত প্রদান করেছেন—যা পরস্পরকে একটা গহীন অনুভূতির দিকে নিয়ে যায়। হযরত আদম (আঃ) আর হাওয়ার সেই প্রাচীন ইতিহাসের দিকেও এর রেশ টানা যায়। তারা যে ফল খেয়েছেন,তা দুজনেই খেয়েছেন। ফলতঃ তাঁরা উভয়ই প্রেমে বৈরাগ্য হয়ে পৃথিবীতে আসে বা আল্লাহ তাদের দুনিয়াতে পাঠান। কবি এখানে মুলতঃ প্রিয়তমাকে বাসরের আকর্ষণ, মোহ এবং ঘোরের দিকে ঠেলে দিয়েছেন, যাতে সে তার দেনমোহর বা কাবিনকে বড় করে না দেখে।
সবশেষে এসে, কবিতা আর একরৈখিক অবস্থানে থাকেনি, তা হয়ে উঠেছে সামগ্রীক। সামগ্রীক নারী জাতিকে অনুরণিত করেছেন এভাবে,
“পরাজিত নই নারী, পরাজিত হয়না কবিরা;
দারুণ আহত বটে, আর্ত শিরা—উপশিরা।”
মুলত বাসর, সম্পর্ক, প্রেম, বিয়ে—এসব কিছুর পরিসমাপ্তির ঘনঘটা টেনেছেন এখানে। কবি এখানে সামগ্রীকভাবে নারীজাতিকে সু—উচ্চে নিয়ে গিয়ে বলছেন—কাবিননামা এবং দেনমোহরের নিকটে কেউ পরাজিত হতে পারে না। দেনমোহর কাউকে আটকিয়ে রাখতে পারে না। প্রেমের পথে,আলিঙনের পথে, কাবিন দেনমোহর অন্তরায় হতে পারে না। এই প্রথার কাছে হেরে যাওয়া মানে নারী জাতি পরাজিত, এমনকি কবিরাও পরাজিত। “কবি” শব্দ ব্যবহারে এখানে কবির ব্যক্তিকেন্দ্রিকতার প্রতি ইঙ্গিত করেছেন, যেনো এটা সত্যি কবির জীবনে ঘটেছে। তারপর বলছেন,কবি এগুলোতে ভীষণ উদ্বিগ্ন, ভীষণ চিন্তিত, আহত বটে এবং কবির শিরা উপশিরায় এর প্রতিবাদের ঝড়, তুফান তুলেছে।
“সোনালী কাবিন” কবিতার মূল সুর
অর্থনির্ভর সামাজিক প্রথার বিরুদ্ধে সত্যিকারের প্রেম ও মানবিকতার প্রতিষ্ঠা এটি। এখানে কবি প্রেমকে কোনো লেনদেন, দেনমোহর বা কাবিনের কাঠামোর মধ্যে আবদ্ধ করতে চান না; বরং তিনি দেখাতে চান, প্রকৃত প্রেম আসে আত্মিক সততা, পারস্পরিক বিশ্বাস এবং দেহ-মন উভয়ের স্বতঃস্ফূর্ত মিলনে। কবিতায় অর্থের অভাবকে দুর্বলতা হিসেবে নয়, বরং নৈতিক দৃঢ়তা হিসেবে উপস্থাপন করেছেন। “আত্মবিক্রয়ের স্বর্ণ” প্রত্যাখ্যান করে কবি বুঝাতে চেযেছেন, প্রেমের জন্য নিজেকে বিক্রি করা নয়, বরং নিজস্ব সত্তাকে অক্ষুণ্ন রাখা জরুরি। একইসঙ্গে এটি গভীর আত্মিক সংযোগের প্রতীক বটে। সবশেষে, আঘাত ও বেদনা সত্ত্বেও কবি ঘোষণা করেন যে প্রেম ও কবিসত্তা পরাজিত হয় না। অর্থাৎ, কবিতার মূল সুর হলো—প্রেমের স্বাধীনতা, সততা এবং অদম্য মানবিকতার জয়গান।
কবিতায় নারী জাগরনের ইঙ্গিত
“সোনালী কাবিন” কবিতায় নারী জাগরণের ভূমিকা নিহিত রয়েছে গভীরভাবে। সমতা, স্বাধীনতা ও পারস্পরিক সম্মতির ধারণার মধ্য দিয়ে। এখানে নারীকে কেবল গ্রহণকারী হিসেবে নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভাবা হয়েছে। কবি যখন দেনমোহর ও কাবিনের অর্থনৈতিক কাঠামোকে প্রশ্ন করেন, তখন তিনি পরোক্ষভাবে নারীর উপর আরোপিত সামাজিক শর্তগুলোকেও চ্যালেঞ্জ করেন। “দেহ দিলে দেহ পাবে” বা “তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফল”—এই পংক্তিগুলোতে নারী—পুরুষের সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দাঁড় করানো হয়েছে। এখানে নারী সিদ্ধান্তের অংশীদার, তার সম্মতি ও অংশগ্রহণ ছাড়া সম্পর্ক পূর্ণ হয় না। এছাড়া, কবিতার “বিবসন” বা আড়ালহীনতার ধারণা নারীকে সামাজিক ভণ্ডামি থেকে মুক্ত হয়ে নিজের স্বতন্ত্র সত্তায় দাঁড়ানোর আহ্বান জানানো হযেছে। ফলে এই কবিতায় নারী জাগরণ সরাসরি স্লোগান আকারে না এলেও, গভীরে তা নারীর স্বাধীন সত্তা, সমঅধিকার ও সচেতন অংশগ্রহণের এক নীরব শক্তি হিসেবে প্রকাশিত হয়েছে।
কবিতায় অর্থনৈতিক মুক্তির ইঙ্গিত
কবিতায় অর্থনৈতিক মুক্তির উপায় সরাসরি কোনো কর্মপদ্ধতি হিসেবে না এলেও কবি মূলত বলতে চেয়েছেন—অর্থের উপর নির্ভরশীলতা কমিয়ে মানবিকতা, সততা ও পারস্পরিক ভালোবাসাকে অগ্রাধিকার দিলেই প্রকৃত মুক্তি সম্ভব। “সোনার দিনার নেই” এবং “দেনমোহর চেয়ো না”—এই উচ্চারণে তিনি অর্থকেন্দ্রিক সামাজিক প্রথাকে প্রত্যাখ্যান করেছেন। একইভাবে “আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি” বলে তিনি বোঝান, অর্থ উপার্জনের জন্য আত্মসম্মান বা নৈতিকতা বিক্রি করা চলবে না। কবি প্রেমকে একটি বিকল্প শক্তি হিসেবে দেখান—“ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন”—যেখানে বিনিময় অর্থ নয়, অনুভূতি। এর মাধ্যমে তিনি ইঙ্গিত করেন যে, অর্থের দাসত্ব থেকে মুক্তির পথ হলো অর্থকে জীবনের কেন্দ্র না বানিয়ে, সম্পর্ক ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া।
সামাজিক প্রেক্ষাপটে সোনালী কাবিনের প্রভাব
আল মাহমুদের “সোনালী কাবিন” কবিতাটি সমাজের প্রেম, বিবাহ এবং অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নির্মাণ করেছে। বিশেষ করে দক্ষিণ এশীয় মুসলিম সমাজে দেনমোহর ও কাবিন কেবল আইনি বা ধর্মীয় অনুষঙ্গ নয়, বরং তা সামাজিক মর্যাদা, অর্থনৈতিক সক্ষমতা এবং পারিবারিক ক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। এই প্রেক্ষাপটে কবি যখন বলেন, “সোনার দিনার নেই, দেনমোহর চেয়ো না হরিণী”, তখন তিনি সরাসরি এই অর্থনির্ভর বিবাহপ্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ উচ্চারণ করেন।
কবিতাটির সামাজিক গুরুত্ব এখানেই যে, এটি প্রেমকে একটি স্বতঃস্ফূর্ত মানবিক সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে অর্থ বা বস্তুগত সম্পদের কোনো প্রাধান্য থাকবে না। কবি নিজেকে এমন একজন মানুষ হিসেবে তুলে ধরেন, যিনি “আত্মবিক্রয়ের স্বর্ণ” সঞ্চয় করেননি—অর্থাৎ তিনি নৈতিকতা বিসর্জন দিয়ে সম্পদ অর্জনে বিশ্বাসী নন। এই অবস্থানটি একদিকে কবির ব্যক্তিগত সততার প্রকাশ, অন্যদিকে সমাজের প্রচলিত কপটতা ও ভণ্ডামির বিরুদ্ধে একটি সূক্ষ্ম প্রতিবাদ। এছাড়া, কবিতায় দেহ ও প্রেমের সম্পর্ককে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সামাজিকভাবে অত্যান্ত গুরুত্বপূর্ণ। “দেহ দিলে দেহ পাবে”—এই উচ্চারণে প্রেমকে কোনো পণ্য বা চুক্তির পর্যায়ে না নামিয়ে, বরং পারস্পরিক সম্মতি ও সমতার ভিত্তিতে গড়ে ওঠার প্রত্যয় হিসেবে দেখা দিয়েছে। এটি নারী—পুরুষ সম্পর্কের এক ধরনের সমতা ও স্বচ্ছতার ধারণা প্রদান করে। সবশেষে, “পরাজিত নই নারী, পরাজিত হয়না কবিরা”—এই ঘোষণায় কবি কেবল ব্যক্তিগত প্রেমের কথা বলেন না, বরং এক ধরনের প্রতিরোধী চেতনার জন্ম দিয়েছেন। সামাজিক বাধা, অর্থনৈতিক অক্ষমতা কিংবা নৈতিক আঘাত সত্ত্বেও প্রেম ও মানবিকতা পরাজিত হয় না—এই বিশ্বাসই কবিতাটির মূল সামাজিক শক্তি। তাই “সোনালী কাবিন” কেবল প্রেমের কবিতা নয়, বরং এটি সমাজের অর্থনৈতিক ও নৈতিক কাঠামোর বিরুদ্ধে এক গভীর মানবিক প্রস্তাব।
আরো পড়ুন....
অন্ধ আয়নার গল্প পড়ুন এখানে
মেডিকেল ও কাঁটাপাথর এখানে পড়ুন
গোলাম কিবরিয়া পিনু'কর্মকান্ড নিয়ে বিন্তর আলোচনা পড়ুন
৫টি কবিতা পড়ুন এখান
সোনালী কাবিন পাঠ আলোচনা এখানে
পাঁচটি কবিতা পড়ুন
ঝাউপাতার ঝাঁপতাল এখানে পড়ুন
ছবি আর্কাইভ ১ দেখুন
দেহখানি তার চিকন চাঁদ এখানে

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনাকে